নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ‘বলাকা কমিউটার’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এ ঘটনার পর থেকে ময়মনসিংহ-জারিয়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া অভিমুখী ট্রেনটিতে এ ঘটনাটি ঘটে বলে জানান নেত্রকোণার শ্যামগঞ্জ স্টেশনের মাস্টার মো. জহিরুল ইসলাম।

ট্রেনের এক যাত্রী বলেন , সকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ‘বলাকা কমিউটার’ ট্রেনটি জারিয়া-ঝানজাইল এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন লাগে। ট্রেনটি জারিয়া স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগুন লাগার পর রেলের কর্মী ও যাত্রীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।