সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশসীমায় বিমান চলাচলের ওপর আরোপিত সকল সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (GCAA) নিশ্চিত করেছে যে, বর্তমানে পুরো দেশের আকাশপথ নিরাপদ এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
গতকাল শনিবার (২ মে) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর আকাশসীমার আংশিক ও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পরে মার্চ মাসে ধাপে ধাপে ফ্লাইট চালু করা হলেও বিভিন্ন বিধিনিষেধ বহাল ছিল।
যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে বড় ধরনের বিঘ্ন ঘটে। ইরানের পাল্টা হামলার পর উপসাগরীয় অঞ্চলের বিস্তীর্ণ আকাশসীমা বন্ধ হয়ে যায়। এতে ইউরোপ ও এশিয়ার মধ্যে দীর্ঘপাল্লার ফ্লাইট পরিচালনায় সমস্যা দেখা দেয়।
এই সময় সংযুক্ত আরব আমিরাতসহ অন্তত আটটি দেশ আংশিক বা পুরো আকাশসীমা বন্ধ রাখে। এর ফলে হাজার হাজার ফ্লাইট বাতিল হয় এবং বিমান সংস্থাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু করে। এর প্রেক্ষিতে এখন পুরোপুরি আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।
জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানায়, “আকাশপথের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সকল প্রোটোকল মেনে এখন থেকে নির্ধারিত সময়সূচী অনুযায়ী সব ফ্লাইট পরিচালিত হবে।”
এই ঘোষণার ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (DXB) এবং আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির প্রধান বিমানবন্দরগুলোর কার্যক্রমে যে সাময়িক বিঘ্ন ঘটেছিল, তার অবসান হলো। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।