রাজধানী ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আজ সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর কম্বাইন্ড প্যাট্রলিং চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, ‘এটি যৌথভাবে টহল দেওয়া হবে। পুলিশ, আর্মি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসঙ্গে কম্বাইন্ড পেট্রোলিং করবেন।
শফিকুল আলম বলেন, ‘অনেক জায়গায় চেকপোস্ট বসবে। জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও বলেন ,রাজধানীতে পুলিশের টহল আরও বাড়ানোর কথা জানিয়েছেন। বলেন, ‘রাজধানীর জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করা হবে। সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার হবে।’
পরিস্থিতি ভালো করতে বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।