নরসিংদীতে আদালতের কাঠগড়া থেকে এক আসামি পালিয়ে গেছেন। আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে। ৭ জুলাই একটি অটোরিকশা চুরি মামলার সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করে রায়পুরা পুলিশ। গতকাল নরসিংদী জেলা জজ আদালতের কাঠগড়া থেকে তিনি পালিয়ে যান।
গতকাল সোমবার (১৪ জুলাই) দুপুরে লোডশেডিংয়ের সুযোগে নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে আসামি পলায়নের এ ঘটনা ঘটে।
নরসিংদী জজ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম জানান, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এ সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটোরিকশা চুরির মামলার একমাত্র সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া আসামি রিয়াজুল পালিয়ে যায়।
আসামি হৃদয়কে গত ৭ জুলাই একটি অটোরিকশা চুরি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে ধরতে অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে জানানো হয়েছে।