হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি মনতলা এলাকায় পৌঁছালে হঠাৎ বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে যায়। এতে অন্তত ছয়টি তেলবাহী বগি পাশের খালে পড়ে যায়।
ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করেছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। উদ্ধার কাজ শেষে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।