রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তিনি টেক্সটাইল ২২৩ ব্যাচের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
রাতে বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার বলেন, শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ক্যাম্পাসের গেটে কাছে দোকানে বান্ধবীদের নিয়ে সিঙ্গারা খাওয়ার সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। পরে শিক্ষার্থীদের একটি পক্ষ বহিরাগত কিছু পোলাপান নিয়ে ফের ঝামেলা করে, এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন। বিস্তারিত খতিয়ে দেখছি।
তিনি আরও বলেন, ছুরিকাঘাতের পর ওই শিক্ষার্থীরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
টেক্সটাইল বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, শনিবার বিকালে ক্যাম্পাসের কাছে একটি দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ‘নারীঘটিত’ বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের আরেক বিভাগের এক জুনিয়রের সঙ্গে বিতণ্ডায় জড়ান পারভেজ। এরপর প্রক্টর অফিস দুই পক্ষকে ডেকে কথাও বলে। ওখান থেকে বের হওয়ার পর ‘বহিরাগত’ ২৫-৩০ জন এসে পারভেজকে বিশ্ববিদ্যালয়ের সিড়িতে উপুর্যুপরি ছুরিকাঘাত করে।
রাত ১১টার দিকে কুর্মিটোলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠিয়েছি পুলিশ।
অপরদিকে শিক্ষার্থী খুনের খবর পেয়ে বনানী ক্যাম্পাসের সামনে জড়ো হচ্ছে অন্য শিক্ষার্থীরা।