চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুরে বড় ভাই মাওলানা ইয়াসিনের হাতে ছোট ভাই মাওলানা মাসুম খুন হয়েছেন। ৪ এপ্রিল (শুক্রবার) চট্টগ্রাম নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুম মারা যায়। এ ঘটনায় মা জুলেখা খাতুন লাইফ সাপোর্টে রয়েছেন। তার ৫% বেঁচে থাকার আশার কথা জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মাওলানা মো: তারেক।
জানা যায়, বেশ কিছুদিন ধরে ইয়াসিনের সঙ্গে তার ছোট ভাই মাসুম ও তার মায়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। গতকাল (৩ এপ্রিল) তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো রামদা দিয়ে আপন ছোট ভাই ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করেন ইয়াসিন।
এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রেরণ করেন।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ইয়াসিন পলাতক। এ ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে কাজির মাদ্রাসার মুহতামিম ও ভূজপুর থানা ওলামা পরিষদের সভাপতি মাওলানা জুনায়েদ বিন জালাল বলেন- ইয়াছিন একজন আলেম মানুষ। তার দ্বারা এমন ঘটনা সংগঠিত হওয়া মেনে নেয়া যায় না। যতদূর জানি জায়গা বিক্রির টাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা কথা জানিয়েছেন ভূজপুর থানা পুলিশ।