পটুয়াখালীর বাউফলে মো. সুজন হাওলাদার (৩০) নামের এক অটোরিকশাচালককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ (২৮) ও তার অনুসারীদের বিরুদ্ধে।
নিহত সুজন মদনপুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড দ্বিপাশা গ্রামের নবী আলি হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
অভিযুক্ত মুঈনুল ইসলাম মিরাজ কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের মঞ্জু হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে নিজের অটোরিকশায় বসা ছিলেন নিহত সুজন। এসময় হঠাৎ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনঈমুল ইসলাম মিরাজের, তার ছোট ভাই মোরসালিন ইসলামসহ ৮ থেকে ১০ জন ব্যক্তি সুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।