চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় বিএসআরএম কারখানা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার বাসিন্দা মো. আরাফাত (১৮), একই এলাকার মোহাম্মদ আনিস (১৮) ও মোহাম্মদ রিয়াজ (১৮)। দুর্ঘটনার পর তিন জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেলওয়ের পুলিশ জানায়, তাঁরা রেললাইনের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি। তবে কোন ট্রেনে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে, তা রেলওয়ে কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি।
দুর্ঘটনার পর তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ এরশাদ উল্লাহ গণমাধ্যমে কে বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। নিহত তিন তরুণের শরীরে হাড় ভাঙা ও নানা আঘাতের চিহ্ন ছিল। আমরা বিষয়টি পুলিশকে জানালেও পুলিশ আসার আগেই এখান থেকে স্বজনেরা তাড়াহুড়ো করে তিন তরুণের লাশ নিয়ে যায়।
চট্টগ্রাম রেলওয়ে থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, নিহত তিন তরুণ পেশায় গাড়ির হেলপার (সহকারী)। তাঁরা রেললাইনের ওপর আড্ডা দিচ্ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি।
জোরারগঞ্জ থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, ‘নিহত তিন তরুণ রাতের ওই সময়ে রেললাইনে কী করছিলেন এবং কীভাবে তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।