ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ফরিদপুরের কোতোয়ালি থানার এসআই মাসুদ ফকির বাদী হয়ে সোমবার সন্ধ্যায় মামলাটি দায়ের করেন বলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান।
মামলায় ফরিদপুরে-১ আসনের সাবেক এমপি শাহ মো. আবু জাফর, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আজম খান, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের প্রথম সারির ৩২ জনের নাম উল্লেখসহ আরও চার থেকে পাঁচশ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা করে চার-পাঁচজন পুলিশ সদস্যকে আহত করা, পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
গত রোববার বিকালে শহরের কোর্ট চত্বরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে প্রথমে পুলিশের বাধা ও নেতাকর্মীদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টার পর পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের হামলা চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন বলেন, “রোববার বিকালে পুলিশের ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলার ভিডিও ফুটেজ দেখে যাদের শনাক্ত করা গেছে, মামলায় তাদের আসামি করা হয়েছে। ভিডিওতে যাদের চেনা সম্ভব হয়নি, তাদের পরিচয় খোঁজা হচ্ছে। তবে সোমবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।”