নিখোঁজ মার্কিন সেনার সন্ধানে নিয়োজিত একটি মার্কিন বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানটি মার্কিন বিমান বাহিনীর ‘সি-১৩০’ শ্রেণির একটি পরিবহন বিমান।
আজ রোববার (৫ এপ্রিল) আইআরজিসি জানায়, এটি নিখোঁজ মার্কিন সেনাকে খুঁজে বের করার অভিযানে যুক্ত ছিল।
ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, ‘ফারাজ রেঞ্জার্স’ নামের একটি পুলিশ কমান্ডো ইউনিট এই বিমানটি গুলি করে নামিয়েছে। তারা দাবি করেছে, বিমানটি অবৈধভাবে ইরানের আকাশসীমায় প্রবেশ করে রসদ সরবরাহ করছিল।
সি-১৩০ হারকিউলিস হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি বহুমুখী সামরিক পরিবহন বিমান, যা সৈন্য ও সরঞ্জাম পরিবহন, প্যারাট্রুপার নামানো, চিকিৎসা সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়।
১৯৫৪ সালে প্রথম উড্ডয়ন করা এই বিমানটি এখনো বিশ্বের ৬০টির বেশি দেশে ব্যবহৃত হচ্ছে এবং দীর্ঘদিন ধরে উৎপাদনে থাকা অন্যতম সামরিক বিমান হিসেবে পরিচিত। সূত্র: আল জাজিরা