কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে ৩টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ওই ৩টি ট্রলারের ৫৯ জনের মধ্যে ৪৮ জনকে উদ্ধার করা হয়েছে। তবে, ১১ জন এখনো নিখোঁজ আছেন।
কোস্টগার্ড সূত্র জানিয়েছে, কক্সবাজার জেলা শহরের উত্তরের নাজিরাটেকের বাঁকখালী-বঙ্গোপসাগরের সংযোগ চ্যানেলে একটি এবং কুতুবদিয়া দ্বীপ থেকে প্রায় ৬ ঘণ্টার দূরত্বে গুলিধারার বাইরের গভীর সমুদ্রে ২টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটে।
সূত্র আরও জানিয়েছে, আজ শুক্রবার দুপুর ১টার দিকে কূলে ফেরার পথে বঙ্গোপসাগরের নাজিরারটেকের সংযোগ চ্যানেলে উত্তাল ঢেউয়ে ১৯ জনকে নিয়ে এফবি মায়ের দোয়া ট্রলারটি ডুবে যায়। এ সময় সাগরে অবস্থান করা আরেকটি ট্রলারের ৮ জেলেকে উদ্ধার করে। তবে, এফবি মায়ের দোয়া ট্রলারটির ১১ জন জেলে এখনো নিখোঁজ আছেন। উদ্ধার জেলেদের শারীরিক অবস্থা ভালো ছিল না। তাদের কোস্টগার্ড স্টেশনে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।