বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীর্ষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটা দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনের দিকে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই।
মির্জা ফখরুল বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না; তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকবে।
এসময় জামায়াত আমিরের ‘এক্স’ (সাবেক টুইটার) থেকে সাম্প্রতিক পোস্টের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন।
জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে হিন্দু সম্প্রদায়ের সবাইকে নির্ভয় ও সাহসের সঙ্গে চলার আহ্বান জানান বিএনপির এই নেতা।
দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে জানিয়ে ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের এই প্রার্থী বলেন, বিএনপি সব দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এসময় দেশ এখন আপনাদের হাতে- তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না বলে ভোটারদের সতর্ক করেন তিনি।