হংকং ম্যাচের প্রস্তুতি হবে সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই দুই ম্যাচে থাকবেন না লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী ও কানাডিয়ান লিগে খেলা শমিত শোম।
আগের সূচি অনুযায়ী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমাণ্ডুতে হবে ম্যাচ দুটি।
মূলত অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের হংকং ম্যাচের প্রস্তুতি হবে সেপ্টেম্বরের এ দুই ম্যাচ। লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী ও কানাডিয়ান লিগে খেলা শমিত শোম এই প্রীতি ম্যাচ দুটিতে থাকছেন না।
গতকাল জাতীয় দল কমিটির সভায় চূড়ান্ত হয়েছে, নেপালেই হবে খেলা।
লিস্টার সিটিতে ফিরে যাওয়া হামজা এই মুহূর্তে দলটির সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতে আছেন। কাভালরি সিটির হয়ে শমিতের লিগের ম্যাচ থাকবে সেপ্টেম্বরে। ‘ওরা ব্যস্ত থাকবে ওই সময়ে, তাই আসতে পারবে না’—গতকাল সভা শেষে জানিয়েছেন জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন। ম্যানেজার হিসেবে আমের খানই থাকছেন দলের সঙ্গে।
গুঞ্জন রয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুই শেষ পর্যন্ত ক্যাম্প শুরু করতে পারেন। যেখানে যেতে পারে সিঙ্গাপুরের বিপক্ষে মূল দলে অভিষেক হওয়া ফাহমিদুল ইসলাম এবং বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় থাকা কিউবা মিচেল।
জাতীয় দলের ক্যাম্প কবে থেকে, অনূর্ধ্ব-২৩ দলই বা প্রস্তুতি শুরু করছে কবে, সেটি এখনো জানায়নি বাফুফে। হাভিয়ের কাবরেরা এর আগে এশিয়ান গেমসে কোচ ছিলেন। তবে এবার জাতীয় দল ও যুব দলের খেলা একই সময়ে হওয়ায় নতুন কোচ খুঁজতে হচ্ছে।