নোয়াখালীর হাতিয়া উপজেলায় পুকুরে পুকুরে ঘুরে বেড়াচ্ছে একটি কুমির। বিশাল আকৃতির এই কুমির কীভাবে এল, তা নিয়ে নানা কৌতূহল ও আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল বুধবার বিকেল পর্যন্ত কুমিরটিকে একাধিকবার পুকুরে ঘুরে বেড়াতে দেখা গেছে।
হাতিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মাসুদ শরীফের বাড়ির পুকুরে দেখা মেলে কুমিরের। পরে এলাকাবাসী ভিড় করেন সেখানে। বন বিভাগ কুমিরটি দেখে গেলেও উদ্ধার করতে পারেনি।
এলাকাবাসী জানান, পুকুরপাড়ে ভিড় করেন উৎসুক জনতা। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করেন। তবে কুমিরটি কোথা থেকে এসেছে বা কীভাবে পুকুরে এলো সে বিষয়ে কেউ নিশ্চিত নয়।
এদিকে কুমির আতঙ্কে রাতভর পাহারা বসিয়েছেন স্থানীয় যুবকরা। শিশু ও বৃদ্ধদের পুকুরের ধারে যেতে নিষেধ করা হয়েছে।
পুকুরের মালিক মাসুদ শরীফ বলেন, ‘তিন দিন আগে একজন প্রতিবেশী তার রান্নাঘরের পাশে একটি কুমির দেখতে পান। তারপর তারা লাঠিসোঁটা নিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে; কিন্তু কুমিরটির বিশাল আকৃতি দেখে তারা সবাই ভয় পেয়ে আশপাশের সবাইকে সতর্ক করেন। পরে বুধবার বিকেলে আমার স্ত্রী পুকুরে কুমিরটি দেখতে পেয়ে আমাকে জানায়। আমি ফায়ার সার্ভিস ও বন বিভাগকে জানালে তারা এসে দেখে গেলেও উদ্ধার করতে পারেনি। কুমির উদ্ধার করা তাদের কাজ নয় বলে তারা চলে যায়।’
হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, আমি বিষয়টি শুনেছি। অনেকেই আমাকে বলেছেন। কেউ বলছেন কুমির আবার কেউ বলছেন কুমির সদৃশ। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।