প্রকৃতিপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে খুলছে বান্দরবান পার্বত্য জেলার দুর্গম রুমা উপজেলার কেওক্রাডং পর্যটনকেন্দ্র। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর ) বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির জারি করা একটি গণবিজ্ঞপ্তিতে পর্যটকদের জন্য কেওক্রাডং পর্বত ভ্রমণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
এসময় গণবিজ্ঞপ্তিতে ৬টি শর্তাবলি আরোপ করা হয়। সেগুলো হলো-
১. রুমা উপজেলার যেসব পর্যটনকেন্দ্র উন্মুক্ত ঘোষণা করা হয়েছে কেবল সেসব স্থানে ভ্রমণের অনুমতি থাকবে।
২. জেলা ও উপজেলা প্রশাসনের অনুমোদিত ট্যুর গাইড ছাড়া ভ্রমণ করা যাবে না।
৩. পর্যটনকেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট ও তথ্যসেবা কেন্দ্রে প্রয়োজনীয় তথ্য প্রদান বাধ্যতামূলক।
৪. নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
৫. পাহাড়ি রাস্তায় অচল বা ফিটনেসবিহীন যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
৬. কোনো অযাচিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ট্যুর সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেওক্রাডং উন্মুক্ত হলেও রুমা উপজেলার অন্যান্য এলাকায় পর্যটকদের প্রবেশ এখনো সীমিত থাকবে।