গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারিকৃত কারফিউর সময় বৃদ্ধি করা হয়েছে, শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ চলমান থাকবে। তবে এর মধ্যে দুই ঘণ্টা কারফিউ শিথিল রাখা হবে। দুপুর ১২ থাকে ২ পর্যন্ত ।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট কারফিউর সময় বৃদ্ধি করে নোটিশ জারি করেন।
নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমগ্র গোপালগঞ্জ জেলায় আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হলো। তবে আগামীকাল (শুক্রবার) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় পুরো জেলায় কারফিউ জারি করে জেলা প্রশাসন; যা রাত ৮টা থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান ছিল।