র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, নির্বাচনে কোনো জঙ্গি হামলার শঙ্কা দেখছে না র্যাব, তারপরও সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শেরে বাংলানগরে রাজধানী উচ্চ বিদ্যালয়ে নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রযুক্তিগত সক্ষমতা ও পর্যাপ্ত জনবল রয়েছে। ঝুঁকি তাদেরই আছে, যারা নির্বাচনকে ব্যহত করবে, জাল ভোট দেয়ার চেষ্টা করবে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে।
এ কে এম শহিদুর রহমান বলেন, নির্বাচনের ফলাফল না মেনে বিশৃঙ্খলা ও নাশকতা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
নাগরিকদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটারদের নিরাপত্তার বলয় তৈরিতে র্যাবসহ অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
র্যাব মহাপরিচালক আরও বলেন, নির্বাচনি পরিবেশ বিঘ্নিত করতে পারে এমন যেকোনো গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড রোধে তাদের সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে। কোনো ধরণের গুজবে কান না দিয়ে উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে সাধারণ মানুষের প্রতি তিনি অনুরোধ করেন।