পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।
আজ মঙ্গলবার (১২ মে) রেলওয়ের পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অনলাইন ওয়েবসাইট ও রেল সেবা অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রীদের অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
রেলওয়ে বলেছে, নির্ধারিত মাধ্যমের বাইরে টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।