পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ সফিকুল ইসলাম জিসানকে (২০) আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৫ মে )দুপুরে অভিযুক্ত শিক্ষক হাফেজ সফিকুল ইসলাম জিসানকে আটক করা হয়। এর আগের রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নেতা আকরামিয়া শিশু এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে ,মাদরাসার হিফজ বিভাগের ওই শিক্ষক রাতে এক শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নেন। সেখানে তাকে বলাৎকার করা হয়। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, সকালে শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
অভিযুক্ত শিক্ষক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং সম্প্রতি ওই মাদ্রাসায় যোগদান করেন। ভুক্তভোগী শিশুটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করবে এবং শিশুটির চিকিৎসার দায়িত্ব নেবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।