সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে অয়েল ট্যাংকার ‘এমটি নিনেমিয়া’ আজ বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া বহির্নোঙরে পৌঁছেছে। এতে দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পুনরায় উৎপাদনে ফিরছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটিই প্রথম দেশে আসা ক্রুড অয়েলের চালান। দেশে ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে বন্ধ হয়ে গিয়েছিল ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট।
বিপিসি জানায়, জাহাজটি সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকাল ৬টায় যাত্রা শুরু করে। তার আগে রাতভর এতে তেল লোড করা হয়। নিরাপদে রেড জোন পেরিয়ে নির্ধারিত সময়ে দেশে পৌঁছেছে জাহাজটি।