আগামী দুইদিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই। সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম। আশা করছি আজ (সোমবার) থেকেই পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেন, সয়াবিন তেল যেমন বেশি দামে বিক্রি হচ্ছে, তেমনি পাম অয়েল সরকার নির্ধারিত দাম থেকে ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে। আশা করছি সয়াবিন তেলের দামও কমে আসবে। এক প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে পবিত্র রমজান মাসে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
সোমবার চারটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সে সময় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান এবং বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।