গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে ৭ জন মারা গেছে। তাদের মধ্যে দুজন হামে আক্রান্ত হয়ে ও বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়। এই পরিসংখ্যান মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
এর আগের দিন ৬ শিশু মারা গিয়েছিল।
ডিজিএইচএসের হিসাব অনুযায়ী হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৮ জন।
একই সময়ে ৩৭৩টি নতুন নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে হামে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডিজিএইচএস হামের উপসর্গ নিয়ে নতুন ১ হাজার ২৮১ শিশুর সংক্রমণ রেকর্ড করেছে।
এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ২৬০ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে মৃত্যুর দুই ঘটনাই চট্টগ্রাম বিভাগের। উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে দুজন রাজশাহী এবং সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের আছে একজন করে শিশু।