সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ মঙ্গলবার শান্তি মার্ডির হ্যাটট্রিকে বাংলাদেশ ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। বৃষ্টির কারণে প্রথমার্ধ হলো কিংস অ্যারেনাতে। তিন ঘণ্টা অপেক্ষার পর মাঠ অনুপযুক্ত থাকায় পাশেই অনুশীলন মাঠে হয় বাকি অর্ধের খেলা। সেখানে বাংলাদেশ দাপট অব্যাহত রেখে ম্যাচ জিতে নিয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হলেও মুষলধারে বৃষ্টির কারণে মাঠ খেলার অযোগ্য হয়ে পড়ে। প্রথমার্ধে শান্তি মার্ডির গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। কোচ পিটার বাটলার এই ম্যাচে দলের নয়টি পরিবর্তন এনেছিলেন, যা দলের গভীরতা প্রমাণ করে।
বিরতির পর নাটকীয়তার শুরু। মাঠের অবস্থা এতটাই খারাপ ছিল যে, ম্যাচ কমিশনার একাধিকবার মাঠ পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন। মাঠকর্মীরা আপ্রাণ চেষ্টা করেও মাঠ খেলার উপযোগী করতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচ কমিশনার আসিফ আনসার পার্শ্ববর্তী বসুন্ধরা কিংস ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত নেন।
পরে সন্ধ্যা পৌনে ৭টায় নতুন ভেন্যুতে শুরু হয় ম্যাচের বাকি অংশ। ভুটান দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরাতে সক্ষম হলেও শান্তি মার্দির দ্বিতীয় গোলে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। এরপর কোচ পিটার বাটলার অভিজ্ঞ মুনকি, নবীরণ ও স্বপ্নাকে মাঠে নামান। নেমেই ব্যবধান বাড়ান মুনকি।
দিনের সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন শান্তি মার্দি। তার হ্যাটট্রিকের সুবাদে বাংলাদেশ ৪-১ গোলের বিশাল জয় পায়। এই জয় শিরোপা জয়ের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। দ্বিতীয় ভাগটি মাঠের চারপাশে দাঁড়িয়ে উপভোগ করেছেন দর্শক এবং স্কোয়াডের বাইরে থাকা নারী ফুটবলাররাও। আগের ম্যাচে লাল কার্ড দেখায় মাঠে নামতে পারেননি সাগরিকা।