ভারতের পশ্চিমবঙ্গে বিধান সভা নির্বাচন-পরবর্তী সহিংসতায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৬ মে) রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। পরে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় তার গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চন্দ্রনাথ রথ।
পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি স্করপিও গাড়িতে করে কলকাতা থেকে মধ্যমগ্রামের দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। যশোর রোড সংলগ্ন এলাকায় পৌঁছালে হামলাকারীরা মোটরবাইকে এসে গাড়ি ঘিরে ধরে গুলি চালায়।
অভিযোগ, তার বুকে একাধিক গুলি লাগে।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। গুলিবিদ্ধ গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে একাধিক বিজেপি নেতা ও বিধায়ক ঘটনাস্থল এবং হাসপাতালে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।