হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানানো হয়।
সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় ইস্যু এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উভয়পক্ষই এই অঞ্চল এবং এর বাইরেও শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য যাতে বেড়ে না যায়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আগে থেকেই চেষ্টা চালিয়ে আসছে। বর্তমানে জ্বালানির কোনো সংকট নেই। আর হরমুজ প্রণালীতে বাংলাদেশের কোনো জাহাজ আটকেপড়ে থাকলে ইরান ছেড়ে দেবে বলে আশ্বস্ত করেছে।
তিনি বলেন, লেবাননের যারা বাংলাদেশের মিশনে দায়িত্বরত তারাও ঝুঁকির মধ্যে রয়েছে। যে নারী নিহত হয়েছেন, তার মরদেহ ফেরত আনতে সময় লাগবে। এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।